মোঃ রাসেল সরকার-ঢাকা;
অভিনয়ের পাশাপাশি নতুন পেশাগত অধ্যায়ে যুক্ত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। গত প্রায় তিন মাস ধরে দেশের একটি বেসরকারি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি—ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস) পদে দায়িত্ব পালন করছেন তিনি। নতুন এই কর্মপরিবেশ ও পেশা বেশ উপভোগ করছেন এই অভিনেত্রী। নতুন পেশায় যুক্ত হলেও অভিনয় ছাড়ার কোনো পরিকল্পনা নেই তমার।
অভিনয়কে নিজের প্রথম ভালোবাসা ও ভালো লাগার জায়গা উল্লেখ করে তিনি জানান, আমৃত্যু অভিনয় চালিয়ে যাবেন। এ বিষয়ে তমা মির্জা বলেন, ”অভিনয় আমার প্রথম ভালো লাগা এবং ভালোবাসার জায়গা। এখানেই আছি, থাকব; আমৃত্যু কাজ করে যাব ইনশাআল্লাহ। ব্যাংক কর্তৃপক্ষও আমার অভিনয়ের বিষয়ে অত্যন্ত আন্তরিক। তাই অভিনয় চালিয়ে যেতে কোনো সমস্যা হচ্ছে না।” খুব বেছে বেছে বছরে এক বা দুটি সিনেমায় কাজ করেন এই অভিনেত্রী।
অভিনয়ের পাশাপাশি ফাঁকা সময়কে কাজে লাগিয়ে নতুন কিছু শেখা এবং অভিজ্ঞতা অর্জনের সুযোগ হিসেবেই ব্যাংকিং পেশাটিকে বেছে নিয়েছেন তিনি। নতুন সহকর্মী ও পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার অনুভূতি প্রকাশ করে তমা বলেন, “নতুন সহকর্মী, নতুন পরিবেশ; নতুন বন্ধুও পেয়েছি। সব মিলিয়ে দারুণ কাটছে। জীবনের বাকি সময়টা অন্য কিছু এক্সপ্লোর করার এই সুযোগটা দারুণ।”
ওটিটি প্ল্যাটফর্ম এবং চলচ্চিত্রে নিজের অভিনয়ের মুন্সিয়ানা দেখিয়ে ইতিমধ্যে দর্শকহৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন তমা মির্জা। ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’ সিনেমায় আফরান নিশোর বিপরীতে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসিত হয়েছেন। এছাড়া ‘জানোয়ার’, ‘খাঁচার ভিতর অচিন পাখি’ এবং ‘ফ্রাইডে’-এর মতো প্রশংসিত কনটেন্টে কাজ করেছেন তিনি। খুব শিগগিরই পরিচালক ভিকি জাহেদের পরিচালনায় ‘খলনায়ক’ সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন তিনি, যেখানে আবারও তার বিপরীতে দেখা যাবে অভিনেতা আফরান নিশোকে।
ব্যাংকিং ক্যারিয়ার এবং অভিনয়—দুটি পেশাই সমান তালে এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে তমা মির্জার। ফলে পেশাগত ব্যস্ততার পাশাপাশি রূপালি পর্দায়ও তাকে নিয়মিত দেখতে পাওয়ার অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা।